আদিবাসী দিবস উপলক্ষ্যে বুধবার সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার সমুন্নত করা ও তাদের জীবন মানোন্নয়নে সিংড়ায় শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আদিবাসী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান আজিজুল হক, থানার উপ-পরিদর্শক বখতিয়ার হোসেন, সাবেক সেনা সার্জেন্ট মহসিন আলম, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান, রুহুল আমিন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আদিবাসী নেতা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি পরিতোষ ওরাওঁ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিীরা এ বাংলাদেশের মানুষ। তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদেরকে অন্য চোখে দেখার সুযোগ নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। প্রত্যেককে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
