বড়াইগ্রামে জমজ তিন বোনের প্রাথমিক বৃত্তি লাভ


শিক্ষা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৪ দিন আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন

natoreview

প্রাথমিক বৃত্তি লাভ করা তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে এক সঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে। তারা তিনজনই ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বৃত্তিপ্রাপ্তরা হলো-তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

স্কুল শিক্ষক রেজাউল করিম সরকার বলেন, ছোট বেলা থেকেই তাদের তিন বোনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। আমি নিজেও তাদেরকে যতটুকু পারি সময় দেই, তাছাড়া তাদের মাও উচ্চ শিক্ষিত। সেও মেয়েদের পড়াশুনার যথেষ্ঠ খেয়াল রাখে। তাছাড়া তারা নিজেরাও নিয়মিত লেখাপড়া ও একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা আর শিক্ষকদের দিক নির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তারা ছোট বেলা থেকেই পড়াশুনায় বেশ ভাল।  তাদের এমন সাফল্যে আমরা সবাই খুবই খুশি। আগামীতে তারা আরও ভাল ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা।


 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ