গুরুদাসপুরে সিধুলী মাদ্রাসাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি ও মিথ্যাচারের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করছেন ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহম্মেদ। ছবি : নাটোরভিউ২৪
গুরুদাসপুরে মাদ্রাসার নামে সিধুলী বাজারে চাঁদা আদায়ে বিএনপি নেতার ভাগ চাওয়ার অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন দাবি করেছেন নয়াবাজার হাট ইজারা কমিটি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হাট অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ইজারাদার রুবেল আহম্মেদ একথা জানান।
আয়োজকরা জানান, উপজেলার সিধুলী-চলনালী-পোয়ালশুড়া হযরত ওসমান গণি (রা.) ক্বওমি ও হাফিজিয়া মাদ্রাসার নামে নিকটবর্তী অস্থায়ী বাজার থেকে রশিদের মাধ্যমে টাকা আদায় করতো মাদ্রাসা কমিটির সদস্যরা। মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে ওই অর্থেরে বেশিরভাগ চলে যেত আয়দায়কারীসহ ওই নেতার পকেটে।
আয়োজকরা আরও জানান, মাদ্রাসার পক্ষে যুব সমাজের ব্যানারে শুক্রবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ওই নেতার চাঁদা আদায়ের ঘটনা আড়াল করতেই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজকে জড়িয়ে চাঁদার ভাগ চাওয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই অসার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার, আলাউদ্দিন চুনু, মাহমুদুজ্জামান সোহাগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ফারুক আহম্মেদ, যুবদল নেতা অরিফুল ইসলাম, ছাত্রদলের স্বপন আহম্মেদ ও আশরাফুল আলম আছাদ বক্তৃতা করেন।
১৫ এপ্রিল মাদ্রাসা কমিটির সদস্যদের ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন রুবেল আহম্মেদ। মামলায় ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে মাদ্রাসা কমিটিসহ সংশ্লিষ্ট এলাকাবাসী আটকদের মুক্তির দাবিতে নানা কর্সিূচি পালন করে আসছেন। আসামিদের জামিন না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। ওই মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ। ১৫ বছর ধরে তার নেতৃত্বেই উঠানো চাঁদার মোটা অংশ তিনি ও তার সহকারীরা ভোগ করে আসছেন। তার দাবি মাদরাসার নামে তোলা অর্থ সব মাদ্রাসার স্বার্থেই ব্যয় করা হোক।
মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ বলেন, সরকার পতনের পরে তিনি সভাপতি পদে থাকলেও কোনো কার্যক্রমে নেই। তার সিদ্ধান্তের বাইরে ওই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
