গুরুদাসপুরে মাদক সেবনকালে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ গ্রেফতার ৭


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৭:৫৫ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুরে মাদক সেবনকালে আটক পৌর কর্মকর্তা-শিক্ষকসহ গ্রেফতার সাতজন। ছবি : নাটোরভিউ২৪

গুরুদাসপুরে একটি ছাত্রাবাসে মাদক সেবনকালে পৌর কর্মকর্তা ও শিক্ষকসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।

শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গুরুদাসপুর পৌরসভার বাজার পরিদর্শক কামাল পারভেজ, খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী (শিক্ষক) মো. নাইম শেখ, খামারনাচকৈড় মহল্লার সাগর হোসেন, আম্মার হোসেন, ফাহিম আল আরাফাত শান্ত, বামনকোলা গ্রামের সাখাওয়াত হোসেন ও বিল বিয়াসপুরের তাফসির তাহমিদ তারিফ।

পুলিশ জানায়, জোহা কলেজ এলাকার একটি ছাত্রাবাসে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা প্রদান করেন।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের রাতেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা দেওয়া হয়েছে। এক বছরের সাজা হলে চাকরিচ্যূত হতেন। তবে ওই দুজন সাময়িক বরখাস্ত হবেন বলে তিনি মনে করেন। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন বলে তিনি জানান।