বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভায় ৬৫ প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক


শিক্ষা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের মোট ৬৫ টি স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।

সভায় সহকারী শিক্ষিকা সীমা রাণীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রেজাউল করিম, প্রধান শিক্ষক রফিকুল হাসান ও প্রধান শিক্ষক মোস্তফা জামাল কিবরিয়া, সহকারী শিক্ষক কামরুল হাসান, তাসলিমা খাতুন ও আব্দুল খালেক।

মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের আরও দায়িত্ববান ও আন্তরিক ভুমিকা পালনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া জরাজীর্ণ ও পাঠদানের অনুপযোগী একাডেমিক ভবনগুলো দ্রুত মেরামত, প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, জাতির উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য প্রস্তুত করলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ