গুরুদাসপুরে চাঁদাবাজি মামলায় মাদ্রাসা কমিটির ৮ সদস্য গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৩১ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুরে চাঁদাবাজি মামলায় মাদ্রাসা কমিটির আট সদস্য গ্রেফতারের প্রতিবাদে বুধবার থানার সামনে বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪

গুরুদাসপুরে মাদ্রাসার উন্নয়নের জন্য রশিদে টাকা আদায়ের অপরাধে মাদ্রাসার কমিটির সাধারণ সম্পাদকসহ কমিটির আট সদস্যকে  চাঁদাবাজি মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম ওলামা ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিক্ষোভ শেষে গুরুদাসপুর থানা গেট অবরুদ্ধ করে আধাঘণ্টা ধরে সমাবেশ করেছেন তারা।

এলাকাবাসী জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নে সিধুলী-চলনালী-পলশুড়া কওমি ও হাফিজিয়া মাদ্রাসার কমিটির সদস্যদের আটকের প্রতিবাদে  ওই ঘটনা ঘটে। ব্রিটিশ আমলে রাজরাজার হাট সিধুলী। সেখানে হাটের নামে জায়গা থাকলেও হাট ছিলো না। স্থানীয়রা দীর্ঘদিন সেখানে হাট লাগানোর চেষ্টা করেও তা সফল হয়নি। এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠার পর সিধুলী-চলনালী ও পলশুড়া সচেতন জনসাধারণ কয়েক বছর আগে দাতব্য প্রতিষ্ঠান মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য হাট বসানোর ঘোষণা দেন। সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদকে সভাপতি করে মাদ্রাসায় একটি কমিটি গঠন করা হয়। মাদ্রাসার পাশে সিধুলী স্কুল মাঠে হাট বসানো হয়। হাটে পাবনা, সিরাজগঞ্জ,  বগুড়া, নাটোর ও রাজশাহী অঞ্চল থেকে বেপারীরা আসতে শুরু করেন। এলাকাবাসীর সিদ্ধান্তে মাদ্রাসার রশিদে বেপারীদের কাছ থেকে যে যা দেন হিসাবে দান গ্রহণ করেন। ছোট্ট হাট হওয়ায় সরকারি ইজারা দেওয়া হয়না।

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চালু হওয়ার বেশ কয়েক বছর পর মহাসড়ক সংলগ্ন নয়াবাজার নামে হাট বসানো হয়। এবছর নয়া বাজার হাটের ইজারাদার কতৃপক্ষ সিধুলী হাটের ইজারা বহির্ভূত টোল আদায়ের মৌখিক অভিযোগ করেন যৌথবাহিনিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই মাদ্রাসার সব কাগজপত্র তলব করেন। মঙ্গলবার সকালে সেনাবাহিনী সদস্যরা সেখানে গিয়ে কমিটির লোকদের ওসির সঙ্গে দেখা করতে বলেন। মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মাস্টারসহ মকবুল হোসেন,  মজিবর রহমান,  এনামুল হক, শফিকুল ইসলাম, মওদুদ আহমেদ, লিটন, রিপন থানায় এলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নিয়ে গ্রেফতার করা হয়। নয়াবাজার হাট কমিটির অন্যতম সদস্য ধারাবারিষা ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হাসান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে ওই মামলা করেন। বিবাদী অন্যরা হলেন, আবুল বাশার, আব্দুর রহমান,  নয়ন, শামীম আহমেদ।

রুবেল হাসান বলেন, নয়াবাজার হাটে টোল আদায় কালে সেনাবাহিনী নিষেধ করেন। ওই সময় সিধুলী হাট ইজারা ছাড়াই টোল আদায়ের বিষয়ে সেনাবাহিনীকে অবগত করেন তিনি। বিকালে বার বার ফোন করলে থানায় যান তিনি। সেখানে তাকে স্বাক্ষর করতে বলেন সেনাসদস্যরা। তিনি স্বাক্ষর করেছেন মাত্র। এ বিষয়ে আর কিছুই বলতে পারবেন না বলে তিনি জানান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে রুবেল হাসান নামে একজন চাঁদাবাজির অভিযোগে ১২ জনকে আসামি করে একটি এজাহার দেন। চাঁদা আদায়ে ব্যবহৃত মাদ্রাসার রশিদ বই, ১৬ হাজার টাকাসহ আটজনকে গ্রেফতার করে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।