গুরুদাসপুর যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৯ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুরে নির্যাতনের শিকার গৃহবধূ আয়শা আক্তার নদী। ছবি : নাটোরভিউ২৪

গুরুদাসপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে  নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী আবু বক্কার সিদ্দিক, শ্বশুর আব্দুর রহমান ওরফে বাবু সরকার ও শ্বাশুড়ি রাবেয়া খাতুনের বিরুদ্ধে।  নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার (২ এপ্রিল) পৌরসদরের চাঁচকৈড় কাচারীপাড়া ওই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়,  ২০২৪ সালের ২৪ মে তারিখে সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকার আসবাবপত্র যৌতুক দিয়ে উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়ার আব্দুল করিমের মেয়ে আয়শা আক্তার নদীকে বিয়ে করেন পৌরসদরের কাচারি পাড়ার বাবু সরকারের ছেলে আবু বকর সিদ্দিক। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। সর্বশেষ বুধবার রাতে নদীর বাবার কাছ থেকে আরও ৫ লাখ টাকা নিয়ে আসতে বলেন। এতে অস্বীকার করলে নদীকে বেদম মারপিট করে।  এসময় তার চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় শ্বশুর বাবু সরকার, শ্বাশুড়ি রাবেয়া খাতুনসহ তার স্বামী আবু বক্কার সিদ্দিককে আসামি করে বুধবার রাতেই থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ।

গৃহবধূর বাবা আব্দুল করিম জানান, বুধবার রাতে অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা এজাহারভুক্ত করেননি থানা পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।