গুরুদাসপুরে মাকে গলা কেটে হত্যা, মেয়ের ১০ বছরের আটকাদেশ


গুরুদাসপুর গুরুদাসপুর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩০ অপরাহ্ন

natoreview

স্বামীকে মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজের মাকে গলা কেটে হত্যার দায়ে কিশোরী বধূ নুশরাত জেরিন ববিকে বয়স কম বিবেচনায় ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুশরাত জেরিন ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানান, নজরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে নুশরাত জেরিন ববি তার নিজের পছন্দমত খালাতো ভাই সোহেল রানার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছু দিন পরে পরিবার তাদের বিয়ে মেনে নিলে ববি তার মা সেলিনা খাতুনের কাছে নিজের স্বামীর  জন্য একটি মোটরসাইকেল কিনে দিতে চাপ দেয়। মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় ২০২১ সালে ২২ মার্চ সন্ধ্যায় বাবার বাড়িতে এসে মা সেলিনা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় ববি তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে মা সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে ।

এ ঘটনায় পরের দিন সেলিনার ভাই সুলতান আহমেদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় তার ভাগ্নি ববিকে অভিযুক্ত করে মামলা করেন।

নাটোর শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান, মামলার পরে পুলিশ অভিযুক্ত ববিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।  ববি নিজের দোষ স্বীকার করলেও পরে আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যায়। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে ববি দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার বিচারক আসামীর অনুপস্থিতেই এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ববি আটকের দিন থেকেই এই আটকাদেশ কার্যকর হবে।