গুরুদাসপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাসুদ রানা মুন্সী। ছবি : নাটোরভিউ২৪
গুরুদাসপুরে বিনা নোটিশে বস্ত্র ব্যবসায়ীকে দোকান থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাসুদ রানা মুন্সী ও তার পরিবার। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকের সামনে এ দাবি জানান তারা।
ভুক্তভোগী মাসুদ রানা বলেন, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ১৬৭৮, খতিয়ানের (জেএল নং ৭২) এবং ৩৬০৪ নং হালদাগের দশমিক ০০৩৭ বর্গলিং জায়গার মালিক তিনি। পৈত্রিক সুত্রসহ ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর ৩৯৭৯ দলিল মূলে অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে ওই জায়গা কেনেন। ওই জায়গার বিরুদ্ধে সরকার ২০০৯ সালে রেকর্ড সংশোধনী মামলা করলে ২০১৪ সালে তা খারিজ হয়ে যায়। ওই জায়গায় কাপড়ের দোকান করে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দোকান বন্ধ থাকা অবস্থায় পার-গুরুদাসপুর মহল্লার দোরাফ উদ্দিনের ছেলে হযরত আলীর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) বেআইনিভাবে তার দোকানের তালা ভেঙে ঘরের মালপত্র বের করে দেন।
এ সময় মাসুদ ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাকে ধমক দিয়ে জেল জুলুমের ভয় দেখালে অজ্ঞান হয়ে পড়েন। এ ব্যাপারে হযরত আলী বলেন, ৩৬০১ দাগে মাসুদ রানাদের সম্পত্তি আছে। তারা সরকারিভাবে লিজ নিয়ে ভোগদখলও করছেন। অথচ আমি ১৯৮৫ সালে ওই জমির পশ্চিমে মধু কুন্ডুর কাছ থেকে কিনি এবং ১৯৯০ সালে সেখানে পাকা ঘর করি। সরকারি লিজ নিয়ে কর্ম করে খাচ্ছি। তারা বাতিল রেকর্ডের বলে হঠাৎ ৫ আগস্ট আমার জায়গা জবরদখল করে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, এটা হাটের পেরিফেরিভুক্ত জায়গা। হযরত আলীর নামে ডিসিআর কাটা আছে। তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে লিজ নিয়ে দখলে আছেন। তাছাড়া মাসুদ রানা লিখিত অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।
