নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বুধবার স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহ জামালকে আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : নাটোরভিউ২৪
মাত্র ৫হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহ জামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ভিকটিমের বাবা-মাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাহজামাল উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের মো. তছলিম উদ্দিনের ছেলে। নিহত শিউলী বেগম একই গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল কাদের মিঞা জানান, ২০১০ সালে জেলার গুরুদাসপুর উপজেলার দূর্গাপুর বাবলাতলা গ্রামের দরিদ্র মৎস্যজীবি মো. নজরুল ইসলামের মেয়ে শিউলী বেগমকে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের প্রতিবেশি তছলিম উদ্দিনের ছেলে শাহজামাল। বিয়ের সময় স্বামীর দাবীকৃত যৌতুকের ১৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা প্রদানও করেন। বাকি ৫ হাজার যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।
২০১১ সালের ১ জানুয়ারি শাহজামাল যৌতুকের বকেয়া ৫ হাজার টাকার জন্য স্ত্রী এক সন্তানের জননী শিউলি বেগমকেকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করে লাশ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে জামাতা শাহজামাল, মেয়ের শ্বশুড় তছলিম উদ্দিন ও শাশুড়ি সামনুর বেগমকে আসামি করে গুরুদাসপুর থানায় মামালা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম তদন্ত শেষে শুধু শাহজামালকে অভিযুক্ত করে একই বছরের ৩০ মে আদালতে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ওই মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার এ রায় দেন।
