ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয় : উপদেষ্টা আদিলুর


সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:৪৭ অপরাহ্ন

natoreview

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার নাটোরের উত্তরা গণভবন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। টিসিবির মাধ্যমে দেশের কলগুলোতে উৎপাদিত চিনি ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

তিনি বলেন, চিনিকল থেকে দ্রুত লাভ আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারা দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

শিল্প উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। ইতোমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী আরো কিছু কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন এই কাজে সহযোগী হিসেবে এগিয়ে আসেন সেজন্য আলোচনাও চলছে।

শনিবার সকাল ১১টার দিকে তিনি নাটোরের উত্তরা গণভবন ও ১২টার দিকে নাটোর চিনিকল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, সংস্কার করে আমরা এটাকে ব্যবহার উপযোগী করে তৈরি করলাম। বর্তমান সরকারের সময়ে এখানে মন্ত্রীসভার বৈঠক হতে পারে এমন ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে মন্ত্রীসভার বৈঠক হয়। তাই এটি তৈরি রাখা হলো।

এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন ও নাটোরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ