দূর্ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এলে নসিমনের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়
নাটোরের গুরুদাসপুরে ফুফাতো বোনের সাথে খেলতে খেলতে বাড়ির সামনের আঞ্চলিক সড়কে উঠতেই ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গুরুদাসপুরের শিকারপুর বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।
নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে। তার বাবা-মা ঢাকায় গামেন্টসে কাজ করত। দাদা-দাদির কাছেই বেড়ে উঠছিল শিশুটি।
শিকারপুরের বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ফুফাতো বোনের সাথে খেলতে খেলতে বাড়ির সামনের আঞ্চলিক সড়কে উঠে পড়তেই চাঁচকৈড় বাজার থেকে থেকে মশিন্দা আলিয়া মাদ্রাসা মুখী ফ্রেশ কোম্পানীর নসিমনের (ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহনকে স্থানীয় ভাষায় নসিমন বলে) ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু স্বর্নাল হোসেন। দূর্ঘটনা দেখে এলাকাবাসী এগিয়ে এলে নসিমনের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।
এদিকে, ছোট্র শিশুর মৃত্যুতে শিকারপুরজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বর্নালের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে শিকারপুর-সাহাপুর এলাকার বাতাস।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহিদুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর পরে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। দূর্ঘটনায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই স্বর্নাল হোসেনের মৃত্যু হয়েছে।“
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, “আইনানুগ প্রক্রিয়া শেষে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। লছিমনটি থানায় জব্দ করা হয়েছে। ঘাতক চালককে আটক চেষ্টা চালাচ্ছে পুলিশ।
