পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে হেলাল সরদার হত্যাকাণ্ডে পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর মঙ্গলবার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, নিহত হেলাল সরদারের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লাকে প্রধান অভিযুক্ত করে মঙ্গলবার রাতে ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা উপজেলার পৌর এলাকার বাজারপাড়া মহল্লার জিল্লুর জামাদারের ছেলে তোহা জামাদার, কাচারিপাড়া মহল্লার আব্দুর রশীদের দুই ছেলে আকাশ আহমেদ ও তুহিন আহমেদ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লে¬খ্য, মঙ্গলবার গুরুদাসপুর বাজারের পরিবহন শ্রমিক অফিসের সামনে পূর্ববিরোধের জেরে পৌর মেয়র সমর্থকরা হেলাল সরদারকে কুপিয়ে হত্যা করে। এ সময় হেলাল সরদারের ছোট ভাই শিশির সরদারকেও কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
