বড়াইগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ২৪
দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি ঘন্টায় ১৮ জন মানুষের মৃত্যু ঘটে। সে হিসাবে বছরে এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানীর ঘটনা ঘটছে। কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪২ দশমিক ৭ শতাংশ এবং গণপরিবহনে যাতায়াতের সময় ২৪ শতাংশ মানুষ পরোক্ষ ধুমপানের শিকার হন। এছাড়া প্রায় ৬১ হাজার শিশু পরোক্ষ ধুমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে। দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ মানুষ। ধুমপানে মৃত্যুর ঝুঁকির পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও কণ্ঠনালীর ক্যান্সার এবং ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমুহ আশঙ্কা থাকে।
বুধবার বড়াইগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান বক্তারা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এটিএম শাফায়াত শামস রকি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর ও বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেহানা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।
