বিজয়ী হলে নাটোরকে উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে : দুলু


রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:০২ অপরাহ্ন

natoreview

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়ায় বৃহস্পতিবার সমাবেশে বক্তৃতা করছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

নতুন নাটোর নতুন আশা এ  স্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে  আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

এ সময় দুলু বলেন, গত ২০ বছর নাটোর ছিলো সন্ত্রাসের জনপদ, বিএনপি ক্ষমতায় গেলে তিনি নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

দুলু বলেন, ২০০১ থেকে পাঁচ বছর তিনি মন্ত্রী ছিলেন। সে সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন।

দুলু আরও বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। নারী ও কৃষকরা এ কার্ডের মাধ্যমে ৫ বছর সব সুযোগ সুবিধা পাবেন।

দুলু বলেন, এর আগে বিএনপি ক্ষমতায় এসে সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া নারীদের সম্মানিত করে নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল। খালেদা জিয়াই নারী শিক্ষা বৃদ্ধির জন্য মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, শিক্ষার বিনিময়ে খাদ্য ও উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন। আগামী দিনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য সন্তান নারী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া থেকে দুলু আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে সারা দিনে ছাতনী ইউনিয়নের আগদিঘা, মাঝদিঘা, ছাতনী দিয়ার, কেশবপুর, বারোঘড়িয়া, পন্ডিতগ্রাম, ঘোড়াগাছা, ভাটোদারা, ফরিদপুর আমহাটিসহ ১০টি স্থানে সভা সমাবেশে বক্তৃতা করা ছাড়াও এলাকার মানুষের কাছে ভোটের প্রচার করেন।

এসব নির্বাচনি সমাবেশে বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ