আচরণবিধি লঙ্ঘন

বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপুকে শোকজ


রাজনীতি

লালপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৫৬ অপরাহ্ন

natoreview

তাইফুল ইসলাম টিপু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।

রোববার নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।

শোকজ নোটিশ সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ২ জানুয়ারি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় তার সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনি প্রচার ও গণসংযোগ করেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোনো নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি উক্ত স্থান পরিদর্শন এবং মিডিয়ার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় স্পষ্ট নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করেছে।

ওই বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা আগামী ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু বলেন, শোকজের বিষয়টি এখনো জানি না, ক্যাম্পিংয়ে রয়েছি। চিঠি হাতে পেলে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ