সিংড়ায় মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরভিউ২৪
সারা দেশের ন্যায় সিংড়ার চলনবিলে বেড়েই চলেছে শীতের দাপট। কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে অসহায় মানুষের মাঝে বেড়েছে দুর্ভোগ। এ সব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের হাতে ও গায়ে জড়িয়ে দিচ্ছেন একটি করে শীতবস্ত্র। মঙ্গলবার দিনব্যাপি উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ, তেমুক নওগাঁ মৎস্যজীবি সমিতি, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়, শেরকোল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সহ রাস্তায় ঘুরে ঘুরে প্রায় তিন হাজার শীতবস্ত্র বিতরণ করেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুণ্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তেমুক নওগাঁ মৎস্যজীবি সমিতির সভাপতি আফতাব আলী বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, এই শীতে একটা গরম কাপড় অথবা কম্বলের অভাব একজন অসহায় মানুষই উপলব্ধি করতে পারছেন। সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
