নাটোরের বড়াইগ্রামে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। নাটোর ভিউ ২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার সকালে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছেও মনোনয়ন পত্রের ফটোকপি জমা দেন।
এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সদস্য বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী ও সদস্য সচিব শামসুল আলম রনি, সাবেক মেয়র ও বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসাহাক আলী ও সদস্য সচিব বেলাল হোসেন, বনপাড়া পৌর নির্বাচন পরিচালন পরিচালনা কমিটির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু উপস্থিত ছিলেন। এছাড়া গুরুদাসপুরে মনোনয়নপত্র জমা দেয়ার সময় গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, সাবেক গুরুদাসপুর পৌর মেয়র মশিউর রহমান বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, বিগত ১৭ বছর দেশে নির্বাচনের পরিবেশ ছিল না। দীর্ঘদিন পর আমরা নির্বাচনী পরিবেশ পেয়েছি, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। আমরা বিশ্বাস করি, ভোটাররা এবার ধানের শীষে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরঙ্কুশ বিজয় লাভের সুযোগ দিবে। বিগত আওয়ামীলীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করেনি, দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ধ্বংস করেছে। তাই ভোটারদের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষত-বিক্ষত দেশকে নতুনভাবে সাজিয়ে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে।
পরে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ নেতাকর্মীদের নিয়ে সাবেক সংসদ সদস্য ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত সাবেক বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর কবর জিয়ারত করেন।
