বড়াইগ্রামে সাত লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ জাল নোটসহ মো. মোস্তফা (৪২) নামে এক জাল টাকা কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। তার কাছ থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মোস্তফা পটুয়াখালী জেলা সদরের মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় সিপিসি-২ নাটোর এবং সিপিএসসি রাজশাহীর একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় মোস্তফাকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে জাল টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জালনোট ও মোবাইলসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা ও জাল টাকা নিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
