উপচে পড়া ভিড়ে পৌর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : নাইজেরিয়ান ম্যাজিকে মাতল বড়াইগ্রাম


খেলাধুলা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ দিন আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৭:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫০ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে নাইজেরিয়ানসহ দেশীয় খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন সংসদ সদস্য আব্দুল আজিজ। নাটোর ভিউ২৪

‘মাদক ছাড়ো, খেলা ধরো মাদকমুক্ত জীবন গড়ো, শ্লোগানে নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পৌর ফুটবল টুর্নামেন্ট। বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, খেলোয়ার কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু ও সম্পাদক মামুনর রশীদ শিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু হানিফ শেখ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কুষ্টিয়ার ওহি ফুটবল একাদশ ও জিকেএসপি নারায়ণগঞ্জ। আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা টানটান উত্তেজনার এই ম্যাচে কুষ্টিয়ার ওহি ফুটবল একাদশ ৩-১ গোলে জিকেএসপি নারায়ণগঞ্জকে হারিয়ে শুভ সূচনা করেছে। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। দুপুরের পর থেকেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উদ্বোধনী ম্যাচের মূল আকর্ষণ ছিল মাঠে নামা বেশ কয়েকজন হাই-প্রোফাইল নাইজেরিয়ান খেলোয়াড়। তাদের চোখ ধাঁধানো ড্রিবলিং, গতি আর পায়ের জাদুতে মুগ্ধ হন মাঠে আগত হাজার হাজার দর্শক। নাইজেরিয়ান ফুটবলারদের চমৎকার নৈপুণ্যে পুরো মাঠ করতালিতে মুখরিত হয়ে ওঠে।
 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ