বড়াইগ্রামে যথাযথ নিরাপত্তার সাথে দুর্গাপূজা্ উদযাপন উপলক্ষ্যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আজিজ এমপি। নাটোর ভিউ২৪
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীন ও নিরাপদ পরিবেশে পালন করবে-এটাই বিএনপির নীতি। পূজায় ফ্যাসিষ্ট, গুপ্ত কিংবা যে কোনো ধরনের অপশক্তি সরকারকে বেকায়দায় ফেলতে এসব দূর্গামন্ডপে কোন অঘটন ঘটাতে পারে। তাই যাতে বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের দলের নেতাকর্মীরা প্রতিটি পূজা মন্ডপে রাতদিন ২৪ ঘণ্টা পালাক্রমে পাহারায় নিয়োজিত থাকবে।
তিনি বৃহস্পতিবার বড়াইগ্রামে নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে থানা মোড়ে আয়োজিত সভায় সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর ও সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি এলাকায় কমিটি গঠন করে উৎসবের শেষ দিন পর্যন্ত সকল মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের উস্কানি বা গুজবে কান না দিয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
