নাটোরে আগুন দেওয়ার অভিযোগে রোববার নাজমুল হোসেন নামে এক ইটভাটা ব্যবসায়ীকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। ছবি : নাটোরভিউ২৪
নাটোরের মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার অভিযোগে রোববার সকালে নাজমুল হোসেন নামে এক ইটভাটা ব্যবসায়ীকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নাজমুল ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের ছেলে।
১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘লকডাউন’ কর্মসূচির রাত থেকে শনিবার পর্যন্ত ওই গ্রামের সাতটি স্থানে খড় ও পাটকাঠির পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের আধাঁরে নির্জন স্থানে এসব আগুন দেওয়া হয়। এর সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। রোববার ভোরে নাজমুল মোটরসাইকেল নিয়ে নিজের গ্রামে ঘুরাঘুরি করছিলো। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি মাহবুর রহমান বলেছেন,ন বেশ কয়েক দিন ধরে ওই গ্রামে রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সকালে এলাকার লোকজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে।
