নাটোর পৌরসভার ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নারী মেয়র উমা চৌধুরী । ১৮৬৯ সালের ১ এপ্রিল নাটোর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে এটি প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। এবারই নির্বাচনে প্রথম নারী হিসেবে মেয়র নির্বাচিত হন উমা চৌধুরী।
পৌর ভবনের সামনের চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি আগের মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর দেওয়া বক্তৃতায় তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘নাটোরবাসী ভালোবেসে আমার বাবা আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীকে এই পৌরসভার মেয়র নির্বাচিত করেছিলেন। পবরর্তীকালে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়ে হিসেবে আমি নাটোরবাসীর এই ভালোবাসার মর্যাদা রক্ষা করে চলার চেষ্টা করব।’
মেয়রের পাশাপাশি নবনির্বাচিত পৌর কাউন্সিলররাও অনুষ্ঠানে তাঁদের দায়িত্ব বুঝে নেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের বরণ করে নেন।
অনুষ্ঠানে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খলিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সারোয়ার বারী ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খানসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
