নাটোরে নিজ বাড়িতে আইনজীবী ভাস্কর বাগচীর ঝুলন্ত লাশ


সদর

নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন

natoreview

নাটোর শহরের লালবাজারের নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভাস্কর বাগচী একই এলাকার চান্দু বাগচীর ছেলে। তিনি আইন পেশার পাশাপাশি কর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করতেন। এ ছাড়া তিনি জেলা হিন্দু মহাজোটের সভাপতি ও নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘ঈঙ্গিত থিয়েটার’-এ অভিনয় করতেন।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ভাস্কর বাগচীর স্ত্রী, ছেলে ও মেয়ে বাইরে থেকে বাসায় ফিরে সিঁড়িঘরের রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ছুটে আসেন। গভীর রাতে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নাটোরের কাশিমপুর মহাশ্মশানে বিকেলেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভাস্কর বাগচীর প্রতিবেশীরা জানিয়েছেন, নিজেদের জমিজমা ও পারিবারিক কিছু কারণে দীর্ঘদিন থেকেই তিনি মানসিক ভাবে বেশ ভেঙ্গে পড়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি নাটোর জজ আদালতে এপিপি (সহকারী কৌঁশলী) হিসেবে নিয়োগ পেলেও সরকার পরিবর্তনের পরই তা বাতিল হয়ে যায়। সব মিলিয়ে তিনি মানসিকভাবে সুস্থ্য ছিলেন না।

রোববার দুপুরে নাটোর জজ আদালতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ভাস্কর বাগচীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি রুহুল আমীন তালুকদার টসর বলেন, ভাস্কর বাগচীর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। ময়নাতদন্তে পরিবারের আপত্তি থাকলেও আইনি জটিলতা এড়াতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেছেন, প্রাথমিকভাবে ভাস্কর বাগচী আত্মহত্যা করেছেন বলে মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ভাস্কর বাগচীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।