সিংড়ার চলনবিলের আত্রাই নদীতে অভিযান চালিয়ে জব্দ করা নিষিদ্ধ কোচাল (বাদাই) জাল ও ইঞ্জিন চালিত নৌকা। ছবি : নাটোরভিউ২৪
মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের আত্রাই নদীতে অভিযান চালিয়ে চার লাখ টাকার নিষিদ্ধ কোচাল (বাদাই) জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই নদীর জোড়মল্লিকা-খরমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার দুটি কোচাল জাল ও নৌকাগুলো জব্দ করা হয়।
পরে জালগুলো সিংড়া কোর্ট মাঠ এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেন প্রশাসন। অভিযানে অবৈধপস্থায় মাছ শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের অপরাধে দশজন দুস্কৃতিকারী ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের অভিযোগের প্রেক্ষিতে সিংড়ার ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে আত্রাই নদীতে এই অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানার এএসআই শিবলু রহমান সহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশ গ্রহণ করেন।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কোন অসাধু ব্যক্তি ও দুস্কৃতিকারীরা যেন অবৈধপস্থায় মাছ ও বিলের জীববৈচিত্র্য ধ্বংস করতে না পারে সে লক্ষ্যেই প্রশাসনের অভিযান। চলনবিলের মাছের মালিক সাধারণ জনগণ। বৈধ পস্থায় সাধারণ মৎস্যজীবি সহ সকলের জন্য বিল ও নদ-নদী উন্মুক্ত থাকবে।
