লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় গ্রাহকের টাকা চুরির অভিযোগে আটক তিনজন। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় ফাতেমা খাতুন নামের এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ।
রোবাবর (১১ আগস্ট) দুপুরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, নাটোর সদর উপজেলার হাসি বেগম, আছিয়া বেগম ও আলেয়া খাতুন।
পুলিশ জানায়, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় ওই তিন নারীর একজন ফাতেমা খাতুনের ব্যাগ থেকে টাকা বের করে নেয়। অন্য দুজন সহযোগীতা করে। টাকা জমা দিতে গিয়ে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপক জয়নুল আবেদিন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের কাছ থেকে চুরির ৩০ হাজার টাকা উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
