পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ দেওয়ার দাবিতে বৃস্পতিবার বাগাতিপাড়ায় মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কিন্ডারগার্টেনের শিক্ষক-অভিভাবকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সোসাইটির সভাপতি ও বাগাতিপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মুঈদ, সচিব ও বাগাতিপাড়া পৌর প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আব্দুল গণি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আব্দুল হালিম, দয়ারামপুর অরবিট কেজি স্কুলের অধ্যক্ষ বিরেন্দ্রনাথ, তমালতলা ইকরা ইসলামিক স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান।
বক্তারা বলেন, ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ বঞ্চিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
