৭৫ বছর বয়সে ডিগ্রি পাশ করে প্রশংসায় ভাসছেন সাদেক


শিক্ষা নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৪ অপরাহ্ন

natoreview

মো. সাদেক আলী প্রামানিক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ৭৫ বছর বয়সে ডিগ্রি পাশ করে প্রশংসায় ভাসছেন নলডাঙ্গা উপজেলার খাজুরা উজান পাড়ার বৃদ্ধ মো. সাদেক আলী প্রামানিক। সোমবার (২৮ এপ্রিল) ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি ২.৭৫ সিজিপিএ পেয়ে পাস করেছেন।

পেশায় কৃষক সাদেক আলী প্রামানিক এক ছেলে এবং দুই মেয়ের বাবা। তার ছেলে নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেছেন, তার বাবা ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ এইচএসসি পাস করেন। আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যাননি। তিন ছেলে মেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবি’র নাটোর দিঘাপতিয়া এমকে কলেজে ভর্তি হন। ২০২৪সালের ১ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাবার বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়। সেই ভাঙা পা নিয়ে তিনি ক্রেচে ভর দিয়ে দিয়ে তৃতীয় থেকে ছষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। সোমবার প্রকাশিত ২০২২ সালের চুড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হওয়ায় বাবার সঙ্গে পরিবারের সবাই খুব খুশি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক বিষয়টি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, অভিনন্দন হে অকুতোভয় যোদ্ধা! আপনার অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রমই এই বয়সে এই সাফল্য এনে দিয়েছে। নলডাঙ্গা উপজেলার শিক্ষাবিদ অধ্যাপক ড. জিয়াউল হক তার নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ভাঙা পা নিয়ে ক্রেচে ভর দিয়ে ৭৫ বছর বয়সে এই অর্জনে প্রমান হয়েছে দৃঢ় বিশ্বাস এবং কঠিন মনোবল থাকলে সব সম্ভব। সাদেক আলী প্রামানিক শিক্ষাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন বলে এই অসম্ভব কে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ