বাগাতিপাড়ার তমালতলার বড়বাঘা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামি জালসায় শনিবার বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। ছবি নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে পার্থিব ও পরকালের কল্যাণে ধর্মপালনের প্রতি গুরুত্ব দিতে হবে। ইহজগতের প্রত্যেকটি কাজের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে মানুষকে তার ব্যক্তিগতভাবে হিসাব দিতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে বাগাতিপাড়ার তমালতলার ঐতিহাসিক বড়বাঘা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামি জালসায় মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দলমত নয়, ধর্ম যার যার জায়গা থেকে পালন করতে হবে। রাজনীতির চেতনার বাইরে গিয়ে ধর্ম পালন করতে হবে। কারন ধর্ম আমরা জন্মের সময় সঙ্গে করে এনেছি, কিন্তু রাজনীতি জন্মের পরে সঙ্গে নিয়েছি।
মওলানা আশরাফুজ্জামানের সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান বক্তা ছিলেন, মাওলানা আব্দুল্লাহ আল আমীন। অন্য বক্তারা হলেন, মওলানা রুহুল আমিন জিহাদী ও মওলানা নূরুজ্জামান বাবলু।
জালসায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান।
