ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ঈদগাহ কমিটির নেতাদের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ছবি : নাটোরভিউ২৪
বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৯৭ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ঈদগাহ কমিটির নেতাদের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস তাদের হাতে ৮৭ হাজার চারশ’ টাকা তুলে দেন।
পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বক্তৃতা করেন।
এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা খুবই কম। তাই তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দিয়েছি।
