বাগাতিপাড়া সরকারি কলেজ

ফরম পূরণে অতিরিক্ত ফি’র প্রতিবাদে মানববন্ধন


শিক্ষা বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৯ মার্চ ২০২৫, রবিবার, ৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩০ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়া সরকারি কলেজে ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে রোববার শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়া সরকারি কলেজে বোর্ডের নিয়মনীতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

রোববার (৯ মার্চ) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে এসব কর্মসূচী পালন করে। অতিরিক্ত ফি আদায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামানকে অভিযুক্ত করে তার পদত্যাগও দাবি করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৬৪০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ৫ হাজার ৮০ টাকা ফি নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যা অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি। তারা আরো জানায়, বোর্ডের ফি অনুযায়ী সর্বোচ্চ ২ হাজার ৭৮৫ টাকা ফরম পূরনে ফি নির্ধারণ করার কথা। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামান অতিরিক্ত ফি আদায় করছেন।

গ্রামের কলেজে এত টাকা দিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণ করা কোন ভাবেই সম্ভব নয়। শিক্ষার্থীদের অভিযোগ, ফরমপূরণের ফি কমানোর জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি টাকা কমানো সম্ভব না বলে সাফ জানিয়ে দেন। এছাড়াও রূঢ় আচরণ করে বলেন, তোমাদের ইচ্ছা হলে এই ফি’তে ফরম পূরণ করে পরীক্ষা দাও, না হলে দেয়ার দরকার নাই। শিক্ষার্থীরা পরীক্ষা না দিলেও আফসোস নাই। পরীক্ষা দিলেও বেতন পাবো, না দিলেও বেতন পাবো।  

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামান বলেন, নিয়ম মেনেই ফরম ফিলাপের ফি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ