সরকারকে সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে : দুলু


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৪ পূর্বাহ্ন

natoreview

নলডাঙ্গায় শনিবার কৃষকদল জনসভায় বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

নলডাঙ্গা উপজেলার নশরতপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।  উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুল সালাম নান্টুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হলেই বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে।  পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছরের তার নিয়োগ দেওয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যহত রেখেছে। বাজার, গার্মেন্ট ও বিদ্যুৎসহ সব সেক্টরে শেখ হাসিনা তার লোকজন দিয়ে অরাজকতা করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমানের যে অপচেষ্টা করছে তা শক্ত হাতে রুখে দিতে হবে। সরকারকে সব বিষয়ে নমনীয় আচরণ করলে আওয়ামী লীগের দোসরেরা তাদের অপচেষ্টা অব্যহত রাখবেই। প্রয়োজনে গত ১৫বছরে দেশে তৎকালীন সরকারের দ্বারা নির্যাতিত ও অভিজ্ঞ বড় ব্যবসায়ী ও আমলাদের বর্তমান সরকারের কাজের সঙ্গে জড়িত করে আওয়ামী লীগের দোসরদের অপচেষ্টা দমন করতে হবে। বর্তমান সরকারকে কোনোভাবেই ব্যর্থ হওয়ার অবকাশ নেই।  
দুলু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এ চুক্তির কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য। তাই শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার শুরু করতে হবে।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ