সিংড়ায় বুধবার ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনুদনে তুলে দিচ্ছেন ব্যারিস্টার ইউসুফ আলীসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের পরও যে সব হিন্দু ভাই-বোনেরা বাংলাদেশ ছেড়ে যান নি তারাই প্রকৃত দেশ প্রেমিক।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিংড়া পৌরসভা হলরুমে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের সমন্বয়ক ব্যারিস্টার ইউসুফ আলী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, ছাত্রদলের সদস্য সচিব উৎপল কুমার প্রমুখ।
সভায় উপজেলার ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের ১১টি পরিবারে ১৫ হাজার টাকা করে এক লাখ ৬৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।
এ ছাড়াও উপজেলার ৮৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বিএনপির নেতারা।
বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী তার বক্তব্যে আওয়ামী লীগ লুটেরার ও চোর-ডাকাতের দল আখ্যায়িত করে বলেন, শহীদ জিয়ার দল, দেশ প্রেমিকের দল। জাতীয়তাবাদী শহীদ জিয়ার দেশ প্রেমিকের দল সব সময়ই দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে।
