নাটোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে। তিনি শামীম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে নাটোরসহ দেশের আট জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও নতুন নিয়োগের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে।
নাটোরে জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীর ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শামীম আহমেদ ২০২১ সালের ২২ জুন নাটোরের ডিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এদিকে আট জেলার সাতজনই নতুন করে ডিসি পদে দায়িত্ব পেয়েছেন। বাকি একজন ডিসিকে নাটোর থেকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, নাটোরের ডিসি শামীম আহমেদকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়েছে। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের ডিসি করা হয়েছে। এ ছাড়া জনপ্রাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলে, ঢাকা দক্ষিণ সিটির মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি পদে দায়িত্ব দিয়েছে সরকার।
অন্যদিকে আলাদা প্রজ্ঞাপনে দিনাজপুর, মৌলভীবাজার, নড়াইল, রাজশাহী, মেহেরপুর, মাদারীপুর এবং ঝিনাইদহে ডিসির দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
