গুরুদাসপুরে যুবদলের ৫ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল


বিশেষ সংবাদ গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৬:০০ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড় এলাকায় যুবদলের পাঁচ নেতার মাদক (গাঁজা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদক সেবনের ওই ভিডিওতে চিহ্নিত হওয়া ব্যক্তিরা হলেন- স্থানীয় যুবদল নেতা ফারুক, জিয়াউর রহমান জিয়া, আরিফসহ পাঁচজন। দুজনের মুখ দেখা যায়নি। তারা সবাই গুরুদাসপুরের বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গোপন কক্ষে যুবদলের পাঁচ নেতা স্বাভাবিক ভঙ্গিতে গাঁজা প্রস্তুত ও সেবন করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তা স্থানীয় সচেতন মহলে আলেচনা তুমুল ঝড় তোলে।

একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন স্থানীয়রা। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

থানার ওসি (তদন্ত) আকবর আলী বলেন, বিষয়টি এখন পর্যন্ত পুলিশের নজরে আসেনি। এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।