বড়াইগ্রামে স্বপদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন অধ্যক্ষ মাওলানা ওসমান গণি। নাটোর ভিউ ২৪
নাটোরের বড়াইগ্রামে ‘মব’ সৃষ্টি করে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করা ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গণিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়ায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনিসহ তার শ্বশুর নুরুল আলম মুন্সী ও স্ত্রী মোছা. সাজেদা বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ ওসমান গনি বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মাদরাসায় দাপ্তরিক কাজ করার সময় একটি প্রভাবশালী মহল ‘মব’ সৃষ্টি করে জোর করে সাদা কাগজে তার স্বাক্ষর নেয়। পরে তিনি জানতে পারেন যে, সেই কাগজে তার পদত্যাগপত্র লেখা হয়েছে। পরে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করলে তদন্ত শেষে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাকে বেতনভাতা প্রদান ও অধ্যক্ষ পদে পুনর্বহালের নির্দেশ দেন।
তিনি অতীতে কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা পদধারী কেউ ছিলেন না দাবি করে বলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের কাছে স্বপদে বহালের আদেশ সংক্রান্ত চিঠিপত্র উপস্থাপন করলে তিনি মানবিক কারণে প্রতিষ্ঠানে যোগদানের জন্য একটি ডিও লেটার প্রদান করেন। কিন্তু সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি থাকার পরও একটি মহল অধ্যক্ষ পদে পুনর্বহালের সুযোগ থেকে বঞ্চিত করতে তাকে আওয়ামীলীগের দোসর আখ্যা দেয়াসহ স্বয়ং এমপি মহোদয়কেও বিতর্কিত করার অপচেষ্টা করছেন।
এ সময় তিনি তাকে আওয়ামীলীগের পদধারী নেতা উল্লেখসহ আব্দুল আজিজ এমপিকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান। একই সাথে কান্নাজড়িত কন্ঠে তার স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে মানবিক কারণে অধ্যক্ষ পদে পুনর্বহালে উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
