সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন


শিক্ষা গুরুদাসপুর

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শনিবার দেশের স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : নাটোরভিউ২৪

দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। উপদেষ্টা শনিবার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেশের স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারিরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশুনায় মনোযোগী হবে। আমরা শিক্ষাথীদের পড়াশুনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশুায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, বিশ্ব খাদ্য কর্মসূচির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ও কান্ট্রি ডিরেক্টর ডমিনিকো স্ক্যালপেলি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী সরকার এবং শিক্ষার্থী সিদরাতুল মুনহাতা ও আফরিন শরীফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে বলা হয়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লক্ষ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুট, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে।

গুরুদাসপুর উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৪৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।



 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ