ছবি : সংগৃহীত
বিরুপ আবহাওয়া, প্রায় সাত মাস ধরে জলাবদ্ধতা এবং আখের ফলন কম হওয়ার কারণে সময় শেষ হওয়ার আগেই নাটোর চিনিকলের ২০২৫-২৬ মাড়াই মৌসুম শেষ করা হয়েচে।
৬৮ মাড়াই দিবসে ৯৫ হাজার ১৫০ টন আখ মাড়াই করে চিনিকলটিতে পাঁচ হাজার ২৮৬ টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার পাঁচ দশমিক ৫৫ শতাংশ।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। এক লক্ষ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয় হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ২১ নভেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়। ৭৪ মাড়াই দিবস চিনিকল চালু রাখা এবং চিনি আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ছয় দশমিক ৩০ শতাংশ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, বিরুপ আবহাওয়া, প্রায় সাত মাস ধরে জলাবদ্ধতা এবং আখের ফলন কম হওয়ার কারণে চিনিকলের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। এই অবস্থার উত্তরণে আগামী মৌসুমে লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
