বড়াইগ্রামে রাতে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা শুনে বুধবার জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
বড়াইগ্রামে রাতের আঁধারে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
রাতে চোরেরা মহানন্দগাছা গ্রামের পল্লী চিকিৎসক আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে চারটি ও তার প্রতিবেশী মাহবুবের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা টের পেয়ে বাইরে বের হয়ে বড় নসিমনের পিছু ধাওয়া করলেও দ্রুতগতির কারণে চোরদের ধরতে পারেননি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি।
ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এ ধরনের চুরি ও অপরাধ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে আটক করাসহ গরুগুলো উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
