বড়াইগ্রামের মশিন্দা বাজারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মশিন্দা বাজারে লক্ষ্মীকোল-কয়েন বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সমাজসেবক আক্কাস আলী মোল্লা, খোরশেদ আলম, গৃহিনী হালিমা খাতুন, খতিব প্রামাণিক, গফুর মোল্লা ও ওমর আলী শাহ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ এপ্রিল মশিন্দা বাজারে সুরের সাথী সংগীত ক্লাবে গানের রিহার্সেল চলছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক মব সৃষ্টি করে গানের শিক্ষক মিঠুন আলীসহ তার শিক্ষানবীশ শিল্পীদের আটকে রেখে মারপিট করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় শিক্ষানবীশ এক শিল্পীকে ধর্ষণের অভিযোগে মিঠুন ও তার আপন বড় ভাইসহ তিনজনের নামে থানায় মামলা করে। এ সময় তারা মিঠুনের বড় ভাই খাইরুল ইসলাম ও অপর শিল্পী মেঘনা খাতুনকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশের হাতে ধরিয়ে দেয়। বক্তারা আরো বলেন, মামলায় আপন বড় ভাই দরজায় দাঁড়িয়ে থেকে ছোট ভাইকে ধর্ষণের সহযোগিতা করেছে বলে উল্লেখ করা হয়েছে-যা সমাজে বিরল। এটি সম্পূর্ণ সাজানো মামলা। চাঁদা না পেয়ে এ মিথ্যা মামলা সাজিয়েছে। তাই অবিলম্বে এই মামলা প্রত্যাহারসহ আটকদের মুক্তির দাবি জানান তারা।
