নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনাপাড়া মাঠে শনিবার নির্বাচনি সভায় বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মানে ধানের শীষের বিকল্প নেই।
দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সবাইকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার সহধর্মীনি তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজীবন এই দেশের জন্য আপোষহীন রাজনীতি করেছেন। কখনো দেশের মানুষকে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাননি। সব সংকটে তিনি দেশের মানুষের পাশে আছেন। তাদের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দর ভাবে গঠন করার জন্য ৩১দফা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনাপাড়া মাঠে আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
