সাবেক এমপি শিমুলের দেখা মিললো ভারত নয় কানাডায়


প্রবাসে নাটোর সদর

নিজস্ব প্রতিবেদক

(৪ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৫ অপরাহ্ন

natoreview

কানাডার ৭৩ হেয়ারউড এভিনিউ টরোন্টোর কথিত বেগমপাড়ায় নিজের বাসার সামনে বুধবার দুপুরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল। ছবি : সংগৃহীত

নাটোর সদর-নলডাঙ্গা আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল ভারতে নেই। তিনি রয়েছেন কানাডার ৭৩ হেয়ারউড এভিনিউ টরোন্টোর কথিত বেগমপাড়ায় তার নিজের বাসায়। সেই ভিডিওটি ধারণ করেছেন কানাডার পিস অ্যান্ড জাস্টিস এলায়েন্স ও কানাডা হিউম্যান রাইটস-এর পরিচালক মমিনুল হক মিলন।

বাংলাদেশি বংশোদ্ভুতো কানাডার নাগরিক মমিনুল হক মিলন বৃহস্পতিবার সকালে জানান, ২৩ অক্টোবর একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ভারত থেকে এমপি শিমুল পরিচয়ে নাটোরের জেলারকে পরিবারসহ হত্যার হুমকির অভিযোগে নাটোর থানায় জিডি করার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। সেই জিডি ও সংবাদে বলা হয়েছিল, শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ট সহচর আওয়ামী লীগ সরকারের সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মো. কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে এমপি শিমুল পরিচয় দিয়ে ২৩ অক্টোবর দুপুরে ভারত থেকে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল সেদিন বিকালেই নাটোর থানায় জিডি করেন।

নাটোর থানায় করা জিডিতে জেলার উল্লেখ করেন, ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলের সঙ্গে কথা বলেন। জেলার রাসেল কথা বলে নিশ্চিত হন কলদাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সাবেক এমপি শিমুল জেলারকে বলেন, এমপির ঘনিষ্টসহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামি মো. কোয়েল ২৩ অক্টোবর কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান। ২২ অক্টোবর রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন। অন্য মামলায় হাজিরা দেওয়ার জন্য কুষ্টিয়া কারাগারে অবস্থান করা কোয়েল ২৩ অক্টোবর সেখান থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ পুনরায় তাকে আটক করে।

শিমুলের অনুসন্ধান করতে মমিনুল হক মিলন কানাডার কথিত বেগম পাড়ায় শিমুলের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেসের সামনে গিয়ে সেখানকার স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে ১২টায় বাড়িটির ভিডিও ধারণ করতে শুরু করেন। ভিডিও ধারণ শুরু করার ৩০ সেকেন্ডের মধ্যেই সেই বাড়ির বারান্দায় বসে থাকা সাবেক এমপি শিমুল এসে তাকে ভিডিও ধারণে বাঁধা দেন এবং তার সঙ্গে বির্তক জুড়ে দেন। 
ভিডিও ধারণকারী কানাডার পিস অ্যান্ড জাস্টিস এলায়েন্স ও কানাডা হিউম্যান রাইটস-এর পরিচালক মমিনুল হক মিলন নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এখন কানাডায় তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির নামে কেনা বাড়িতেই বসবাস করছেন। 

গত বছরের ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুর পর্যন্ত শিমুল তার নাটোরের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেসেই ছিলেন। সেদিন দুপুরের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তিনি কখনো কারো সামনে আসেননি। এমনকি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোন উপস্থিতি দেখা যায় না। এই প্রথম কানাডায় তার দেখা মিললো। তার বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানা ও আদালতে হত্যাসহ ১০-১২টি মামলা রয়েছে।


 

প্রবাসে নাটোর থেকে আরও পড়ুন

সর্বশেষ