যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইডস-এ সমাবেশে বক্তৃতা করছেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত
বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এই জিয়া পরিবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৭১ সালে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে এহিয়া খানের কাছে চলে গেলেন। তখন জাতি এক হতাশার মধ্যে, সিদ্ধান্তহীনতায় ভুগছিল।সেদিন জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিল।
তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, সেই ঘোষণায় বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এখন গর্ব করে বলি আমরা বাংলাদেশের সন্তান আগামী দিনে আন্তর্জাতিক এবং জাতীয় কোনো ষড়যন্ত্র যেন দানা বেঁধে উঠতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইডস-এ সিটি বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
সমাবেশে আরও বক্তৃতা করেন নিউইয়র্ক সিটি বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মদ, মোস্তফা কামাল বাবুল প্রমুখ।
সমাবেশে দুলু আরও বলেন, আওয়ামী লীগ চিরদিন নোংরা রাজনীতি করেছে। তাদের বদ অভ্যাসের অংশ হিসেবেই জাতীসংঘের অধিবেশনে যাওয়া বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারা অশোভন আচরণ করার অপচেষ্টা করেছে। দেশেও আওয়ামী লীগ নানা ভাবে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের ষড়যন্ত্র সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে।
