বাগাতিপাড়ায় ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৬:২০ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ার লোকমানপুর রেলস্টেশন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় পাটের বস্তা গুঁজে মঙ্গলবার ট্রেন চলাচল করানো হয়। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ধীরগতিতে ট্রেন চলাচল করে। প্রায় সাত ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

আব্দুলপুর স্টেশন ও স্থানীয় সূত্র জনায়, সকাল সাড়ে ৬টায় নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লোকমানপুর রেলস্টেশনের অদূরে লাইনে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। এরপর পরই তা মেরামতে কাজও শুরু করা হয়।

ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেসসহ উভয়দিকের অন্তত পাঁচটি ট্রেন সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করে। এর আগেও আব্দুলপুর-লোকমানপুর রেলপথের বিভিন্ন অংশে লাইন ভাঙার ঘটনা ঘটেছিল। তবে এসব ঘটনার জন্য মেয়দোত্তীর্ণ লাইনকে দায়ী করেছেন সংশ্লিষ্টসহ স্থানীয়রা।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালেই তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত চলাকালে সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হয়। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এরপর সেখানে সাময়িকভাবে বস্তা গুঁজে সর্বোচ্চ ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করানো হয়। প্রায় দেড়টার দিকে মেরামতের কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হয়। মাঝে মধ্যেই এই রেলপথে ভাঙার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুলতঃ এই পথে রেলের চাপ বেশি, তাছাড়া রেললাইনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।