নলডাঙ্গায় হাফেজ মো. ইউসুফ নামে স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর কর্মীকে প্রকাশ্যে মারধর ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে সাইদুর রহমান বিটল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত বিটল নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও নলডাঙ্গা সাব-রেজি. অফিসের দলিল লেখক সমিতির সভাপতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার স্বীকার হাফেজ মো. ইউসুফ একই গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং একই এলাকার জোয়ানপুর বায়তুল নূর জামে মসজিদের ইমাম।
ভুক্তভোগী ইউসুফ বলেন, আমার নিজের জায়গায় যখনই ঘরের কাজ শুরু করতে যাই তখনই বিএনপি নেতা সাইদুর রহমান আমার জায়গার সমস্যা আছে বলে কাজ করতে নিষেধ করেন। জমিতে ঘর বাড়ি করতে গেলে সাইদুর রহমান জমিটা পরিবর্তন করে অন্যটা নিতে বলে। আমি রাজি না হওয়ায় আমার প্রতি তারা খুবই ক্ষিপ্ত হয়। বার বার চেস্টা করেও কোনো সমাধান করা যায়নি। একের পর এক সমাধানের দিনক্ষণ করলেও তারা বসেন না।
মঙ্গলবার সকালে ইউসুফ মিস্ত্রি নিয়ে বাড়ির কাজ শুরু করলে বিএনপি নেতা সাইদুর, তার দুই শ্যালক শাহাদত হোসেন ও হাসিব বাঁধা দিয়ে তাকে মারপিট করে এবং গালাগাল করেন।
বিএনপি নেতা সাইদুর রহমান বিটল বলেন, তিনি বিবাদমান জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন। আদালতে মামলা এখনও মামলা চলমান রয়েছে। চলমান মামলার জায়গায় হাফেজ ইউসুফ ঘর তুলতে গেলে তিনি নিষেধ করেছেন। মারপিটের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, হাফেজ মো. ইউসুফ বাড়ির কাজ শুরুর পর বিএনপি নেতা সাইদুর রহমান বিটল থানায় জমির মালিকানা দাবি করে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে বুধবার আপোষ মিমাংসায় বসার কথা। তার আগেই মঙ্গলবার কাজ শুরু করায় কিছু সমস্যা হয়েছে।
