গণ-অভ্যুত্থান দিবসে মঙ্গলবার গুরুদাসপুর চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : নাটোরভিউ২৪
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গুরুদাসপুর চক্ষু হাসপাতালে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ চিকিৎসা দেয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের আওতাভুক্ত চক্ষু হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক ও ইনচার্জ মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ওই ফ্রি চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। ডাক্তারের চেম্বার ও কাউন্টারে রোগীদের উপচেপড়া ভীড় ছিল। অধিকাংশ পঞ্চাশোর্ধ।
চিকিৎসা নিতে এসে উপজেলার বিয়াঘাট গ্রামের মো. জান্টু, ষাটোর্ধ রহিমা, হুরমত আলীসহ অনেকে জানান, এই দিনে নতুন বাংলাদেশ পেয়েছি। এ কারণে ফ্রি চিকিৎসা পাচ্ছি। চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রেসিডেন্ট ড. এমএ মুহিত জানান- শহীদদের স্মরণে প্রতিবছর এই দিনে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের আওতাধীন সব শাখা চক্ষু হাসপাতালে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। রোগীদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাও ফ্রি করা হবে।
