জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীনসহ অন্যরা। ছবি : সংগৃহীত
কেমিকেলমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপনন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সময়সূচি অনুসারে ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণী পছন্দ ও ক্ষিরসাপাত, ২ জুন থেকে লক্ষনভোগ, ১২ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ, ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগষ্ট থেকে গৌরমতি।
এ ছাড়া সভায় ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।
নাটোর জেলায় চলতি বছরে চার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ছয় হাজার ৫০৮ টন লিচু এবং পাঁচ হাজার ৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।
সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপনন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে সব উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারীও অব্যাহত থাকবে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্ত্তীতে গাছে কুশি বের হওয়ার জন্যে বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শও দেওয়া হয়েছে।
