বাগাতিপাড়ায় বড়াল নদীতে বাঁধ দিয়ে শিকার করা হচ্ছে মাছ। রোববার তোলা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ার দয়ারামপুরে বড়াল নদী দখল করে প্রকাশ্যে নদীতে বাঁধ দিয়ে অবৈধ সুতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করছেন এলাকার কতিপয় কিছু অসাধু লোকজন। এসব ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছ। তাছাড়াও অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে চলছে প্রতিনিয়ত মৎস্য শিকার।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার দয়ারামপুরের নন্দীকুজা এলাকায় নদীর উপর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য সুতিজালের বাঁধ সৃষ্টি করা হয়েছে। এ সুতি জালের কারণে নদী তার স্বাভাবিক গতি হারাচ্ছে। ফলে নষ্ট হচ্ছে মাছের অভয়ারণ্য। ফলে অসংখ্য মাছ মারা গিয়ে ভেসে উঠছে। আবার ওই এলাকায় ছোট ডিঙি নৌকা নিয়ে অবৈধ চায়না দুয়ারি জালে চলছে অবাধে মৎস্য শিকার। অবৈধ সুতিজাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা থাকলেও প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারীদের কারনে বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এসবি সাত্তার জানান, তারা বিভিন্ন সময়ে এগুলো উচ্ছেদ বিষয়ে অভিযান করে আসছেন। কিন্তু এই অসাধু ব্যক্তিরা পুনরায় আবার ওই একই কাজে লিপ্ত হচ্ছেন। জেলেদের মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে। তারপরও যদি তারা এগুলো উঠিয়ে না নেয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।
