আ.লীগকে সংগঠিত করার অভিযোগ, বাগাতিপাড়ায় ইউপি কার্যালয় ভাংচুর


বাগাতিপাড়া বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়া উপজেলায় ভাংচুর করা ইউনিয়ন পরিষদ কার্যালয়। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগঠিত করা এবং নানা অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  এ সময় চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশে আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও কর্মকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল দয়ারামপুর বাজার প্রদক্ষিণ করছিল। ওই মিছিলের পরপরই বিক্ষুব্ধ জনতা ইউপি কার্যালয়ে গিয়ে সামাজিক সুরক্ষা ভাতাসহ সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম, সরকারি কাজে পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ এনে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল, নেমপ্লেট ও আসবাবপত্র ভাংচুর করে।

এ সময় চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠুর কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেসময় চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠু কার্যালয়ে ছিলেন না। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন পরিষদের সচিব অনুপ কুমার চক্রবর্তী জানান, তিনি বাজার থেকে পরিষদে যাওয়ার পথে কিছু লোকজনের পরামর্শে তিনি দূরে থেমে যান। এ সময় একটি মিছিল ইউপি ভবন থেকে বের হয়ে যেতে দেখেন। পরে ইউপি কার্যালয়ে গিয়ে কিছু চেয়ার টেবিল, চেয়ারম্যানের নেমপ্লেট ভাঙা এবং ফটকে তালা দেখতে পান। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে তালা খোলে জনগণের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমী জানান, চেয়ারম্যান মিঠু ওই কার্যালয়ে বসে সরকার বিরোধী নাশকতা সৃষ্টির জন্য আওয়ামী লীগকে সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে মিটিং করেন। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে সরকারি সুবিধা সঠিক প্রাপ্যদের না দিয়ে দলীয় কর্মীদের মাঝে ভাগ বাটোয়ারা করেন। এ নিয়ে জনরোষের সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি জনগণকে সঠিক সেবা দেওয়ার আহ্বান জানান।

বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিভিন্ন ভাতা ও সরকারি সুবিধা বঞ্চিতের অভিযোগে বিক্ষুব্ধ জনতা কয়েকটি চেয়ার-টেবিল ভাংচুর করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।