নলডাঙ্গায় মধ্যরাতে পুকুরে মাছ মারার ঘটনায় মাছ চোর সন্দেহে গণপিটিুনিতে মো. আব্দুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার কাসোবাড়িয়া- রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় জনতাসহ পুকুর মালিকরা তাকে বেদম মারপিট করে আহত করে। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনোয়ার জাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে উপজেলার মোমিনপুরে চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুরে জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী পিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। এ অবস্থায় লোকজন পুকুর মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল-জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানকে তুলে নিয়ে যায় এবং তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন।
ইউপি সদস্য অসুস্থ্য অবস্থায় আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর রাতেই তার স্বজনরা আব্দুল মান্নানকে নাটোর আধুনিক সদর হাসপালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
